Tuesday, February 28, 2017

সাগরপথে বিশ্ব পর্যটনে যুক্ত বাংলাদেশ

সাগরপথে বিশ্ব পর্যটনের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ। এর ফলে বিদেশি পর্যটকেরা এখন থেকে নৌপথে বিলাসবহুল জাহাজে করে বাংলাদেশ ঘুরতে পারবেন। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রভিত্তিক অত্যাধুনিক আন্তর্জাতিক পর্যটকবাহী বিলাসবহুল ভ্রমণতরি ‘সিলভার ডিসকভারার’ কলম্বো থেকে ৯৫ জন বিদেশি আন্দামান হয়ে বঙ্গোপসাগরের সোনাদিয়া হয়ে সুন্দরবন ঘুরে কলকাতার পথে রওনা হয়েছেন। 
প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো জাহাজের পর্যটক নিয়ে বাংলাদেশে আসা উপলক্ষে আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, প্রথমবারের মতো পর্যটকবাহী আন্তর্জাতিক অত্যাধুনিক সিলভার ক্রুজশিপ সিলভার ডিসকভারারের বাংলাদেশে কার্যক্রম শুরু হলো। এর ফলে বাংলাদেশের পর্যটনশিল্প আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হওয়ার সুযোগ তৈরি হলো।
পর্যটনমন্ত্রী বলেন, ক্রুজশিপটির প্রথম গ্রুপ ১১ ফেব্রুয়ারি কলম্বো থেকে যাত্রা শুরু করে আন্দামানের বিভিন্ন দ্বীপপুঞ্জ ঘুরে ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের কক্সবাজারে জেলার সোনাদিয়ায় নোঙর করে। এরপর বাংলাদেশের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সেটি ২৪ ফেব্রুয়ারি কলকাতার উদ্দেশে বাংলাদেশে ছেড়েছে। প্রথম গ্রুপটিতে ১৩টি দেশের ৯৫ জন পর্যটক ছিলেন। ফিরতি পথে ক্রুজশিপটির দ্বিতীয় গ্রুপে নতুন করে ১০টি দেশের মোট ৬৭ জন বিদেশি পর্যটক নিয়ে ১ মার্চ সুন্দরবনের হিরণ পয়েন্টে নোঙর করবে। ওই গ্রুপের পর্যটকেরা ৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ ভ্রমণ করবেন। ভ্রমণ পথে মিয়ানমারের ইয়াঙ্গুন হয়ে থাইল্যান্ডের ফুকেটের উদ্দেশে যাত্রা শেষ করবে।
রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশে পর্যটনশিল্প আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হওয়ার নতুন দ্বার উদ্‌ঘাটনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে এর মাধ্যমে। বেসরকারি অপারেটরদের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ বেশি করে নিলে সরকারের পক্ষ থেকে সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে। মন্ত্রী বলেন, পর্যটন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি বিশ্বের দেশে দেশে মানুষের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি সৃষ্টিতে সেতুবন্ধ হিসেবে কাজ করে। তাই সরকার পর্যটনশিল্পের বিকাশ ও প্রসারের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। 
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। 
আন্তর্জাতিক ওশান ক্রুজের সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্ত করার এ উদ্যোগ নিয়েছে ট্যুর অপারেটর জার্নি প্লাস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তৌফিক রহমান প্রথম আলোকে জানান, আন্দামানের বিভিন্ন দ্বীপপুঞ্জ ঘুরে ২২ ফেব্রুয়ারি ক্রুজটি বাংলাদেশের কক্সবাজারে জেলার সোনাদিয়ায় নোঙর করে। এই দলে ৪২ জন আমেরিকান, ২৪ জন ব্রিটিশ, সাতজন কানাডিয়ান, ছয়জন অস্ট্রেলিয়ানসহ ইউরোপের পর্যটকেরা ছিলেন। তাঁরা মহেশখালীর বৌদ্ধমন্দির, রাখাইন হস্তশিল্প, আদিনাথ মন্দির পরিদর্শন করে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি সুন্দরবন ঘুরে এটি কলকাতার উদ্দেশে বাংলাদেশ ছেড়েছে। 
ফিরতি পথে ক্রুজশিপটির দ্বিতীয় গ্রুপে নতুন করে ১০টি দেশের মোট ৬৭ জন বিদেশি পর্যটক নিয়ে ১ মার্চ সুন্দরবনের হিরণ পয়েন্টে নোঙর করবে বলে জানান তৌফিক রহমান। ওই গ্রুপের পর্যটকেরা ৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ ভ্রমণ করবেন। ভ্রমণপথে মিয়ানমারের ইয়াঙ্গুন হয়ে থাইল্যান্ডের ফুকেটের উদ্দেশে যাত্রা শেষ করবে। তিনি জানান, কলম্বো থেকে বাংলাদেশ হয়ে কলকাতা যেতে ১৩ হাজর মার্কিন ডলার এবং কলকাতা থেকে বাংলাদেশ হয়ে ফুকেট যেতে সাড়ে ১০ হাজার ডলার খরচ পড়বে। বাংলাদেশিরাও চাইলে এই জাহাজে ভ্রমণ করতে পারবেন।

No comments:

Post a Comment

six seasons

  There are six seasons in Bangladesh. Each season has its special feature. Dew drops fall at night during in winter. The spring is the king...